ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গ্রিসে নৌকাডুবিতে ৩০ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ গ্রিসের এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি ঘটেছে। যদিও ভয়াবহ এ ঘটনায় প্রাথমিকভাবে ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে বেশকিছু নারী ও শিশুর লাশ রয়েছে।


দেশটির নৌ পুলিশ বা কোস্টগার্ড বাহিনীর বরাতে রবিবার (২৬ ডিসেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটি থেকে এখন পর্যন্ত ৬৩ জনকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া এসব যাত্রীর বরাতে কোস্টগার্ড কর্মকর্তারা জানান, নৌকাটিতে ৯০ জনের অধিক যাত্রী ছিল এবং তাদের সবাই অবৈধ অভিবাসন প্রত্যাশী। ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের কেসমে ও বদরুম উপকূল থেকে তারা নৌকায় উঠেছিলেন। এ সময় সকলের গন্তব্য ছিল ইতালি। যাত্রাপথে শনিবার পারোস দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। মুলর অতিরিক্ত যাত্রী পরিবহন ও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি কর্মকর্তাদের।


বিশ্লেষকদের মতে, গত পাঁচ থেকে ছয় বছর যাবত ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের তুরস্ক ও লিবিয়ার উপকূল থেকে গ্রিস এবং ইতালির উপকূলে পৌঁছানোর জন্য কয়েক লাখ মানুষ সাগর পাড়ি দিতে নামছেন। প্রতি বছরই এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই অভিবাসীদের বড় একটি অংশই এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্য পীড়িত রাষ্ট্রগুলো থেকে আসা। সাধারণত মানব পাচারকারীদের হাতে মোটা অঙ্কের অর্থ দিয়ে ভয়ঙ্কর এই বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তারা।


বাজে আবহাওয়া, নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলাসহ বিভিন্ন কারণে যাত্রাপথটিতে দুর্ঘটনাও খুব সাধারণ একটি ব্যাপার। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীর ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরে সলিল সমাধি ঘটেছে।


গ্রিসের কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, জীবিত অবস্থাতে উদ্ধার হওয়া ৬৩ জনের মধ্যে দুইজনকে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকারও করেছেন যে; তারা উভয়ই দীর্ঘদিন যাবত মানব পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত।


উল্লেখ্য, এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধান পেতে কোস্টগার্ডের তিনটি টহল নৌকা, নৌযান একটি বিমান সাগরে টহলদারি চালাচ্ছে বলে আল-জাজিরাকে জানিয়েছেন কর্মকর্তারা।

ads
ads
ads

Our Facebook Page

↑